সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

‘বিএনপির পায়ের নিচে মাটি নেই’, সাদিক কায়েম

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে দলটির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘বিএনপির পায়ের নিচে আর মাটি নেই।’ বৃহস্পতিবার (১ অক্টোবর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে ৫৭ জন বাদ পড়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এ কারণেই দলটি অস্বাভাবিক আচরণ করছে বলে তিনি মনে করেন।তিনি আরও অভিযোগ করেন, সংবিধানের ২৯ নম্বর ধারার সমান সুযোগের নীতি উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, সার সংকট ও লোডশেডিং নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। ডাকসুর এজিএস মহিউদ্দিন খানও বিভিন্ন নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে চাকরির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মেধাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।এর আগে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে রাখা হয়নি। বাদ পড়ার নির্দিষ্ট কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রসংসদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

‘বিএনপির পায়ের নিচে মাটি নেই’, সাদিক কায়েম