শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বেতন তিনগুণের দাবিতে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের মানববন্ধন

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ জুলাই থেকে দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা।শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মণ্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ অন্যরা।বক্তারা বলেন, নিয়মিত দায়িত্ব পালন করলেও শাখা ডাকঘরের কর্মচারীদের মাসিক বেতন মাত্র ৪ হাজার ৪৬০ টাকা, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ কারণে তাদের জীবিকা নির্বাহে চরম সংকট সৃষ্টি হয়েছে।তারা জানান, এর আগে দাবি আদায়ে কলম ধর্মঘট পালন করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচিতে যুক্ত হয়েছেন।কর্মচারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে, যার প্রভাব ডাকসেবার ওপর পড়তে পারে।

বেতন তিনগুণের দাবিতে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের মানববন্ধন