শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

ঝালকাঠিতে রহস্য! ভাড়া বাসায় মিলল বস্তাবন্দী নারীর মরদেহ

ঝালকাঠি শহরের টিএন্ডটি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের টিএন্ডটি সড়কের তপন হালদারের বাসার নিচতলায় ভাড়া থাকতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে বাইরে যান। সন্ধ্যায় ফিরে তারা বাসার প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষে বস্তাবন্দী অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।এদিকে একই ভবনের তিনটি ফ্ল্যাটে ডাকাতির অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে থাকতে পারে। এ সময় বাধা দেওয়ায় মলিনা রায়কে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

ঝালকাঠিতে রহস্য! ভাড়া বাসায় মিলল বস্তাবন্দী নারীর মরদেহ