এনসিপির জুলাই পদযাত্রা শুরু ৬ জুলাই, ১০০ উপজেলায় কর্মসূচি
আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির দাবি, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিকে সামনে রেখেই এবারের কর্মসূচি পরিচালিত হবে।শনিবার (৪ জুলাই) বিকেলে পদযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।তিনি বলেন, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এবার একই কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হচ্ছে। দেশের ৬৪ জেলার মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা, স্থানীয় অংশীজনদের নিয়ে মতবিনিময় কর্মসূচি এবং কনসার্টের আয়োজন করা হবে।সারজিস আলম জানান, যেসব উপজেলা ও পৌরসভায় এনসিপি স্থানীয় নির্বাচনে প্রার্থী দেবে, সেসব এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের দাম বৃদ্ধি এসব বিষয়ও কর্মসূচির আলোচ্যসূচিতে থাকবে।তিনি আরও জানান, রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে এনসিপির নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় কৃষকশক্তি’-র আত্মপ্রকাশ ঘটবে।সূচি অনুযায়ী, ৬ জুলাই বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত ৮টায় সাভার উপজেলা থেকে পদযাত্রা শুরু হবে। এরপর ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।