বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মোহাম্মদপুরে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন মো. জুয়েল ওরফে আরিফ (৪৫) এবং আনোয়ার হোসেন (২৮)।মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৭:৪৫ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। একই দিন র‍্যাব-১১ এর সহায়তায় ওই এলাকা থেকেই জুয়েল ওরফে আরিফকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে ভোরে মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় দুই নারী বাসার সামনে পৌঁছালে একটি পিকআপে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি চাপাতি দেখিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তারা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।ঘটনার পর ১ জুন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।গ্রেফতারের পর আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া দুইটি ব্যাগ, কিছু কাপড় ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া একটি ট্রাকও জব্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জুয়েল ওরফে আরিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক দস্যুতা, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে এবং লুট করা মালামাল বিভিন্ন স্থানে বিক্রি করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদপুরে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার