নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে দিনের বেলায় দুই দোকানে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্লাজা ব্যবসায়ী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি প্লাজা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ব্যবসায়ীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিল শুরুর আগে প্লাজা চত্বরেও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভে নেতৃত্ব ও বক্তব্য দেন প্লাজা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক বিএনপি নেতা মোশাররফ হোসেন এবং সাবেক সভাপতি এইচ এম মনির।বক্তারা বলেন, সৈয়দপুর প্লাজার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে দিনের বেলায় চুরির ঘটনা উদ্বেগজনক। তাদের দাবি, চুরির ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজে জড়িতদের শনাক্ত করা গেলেও এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।ব্যবসায়ীরা দ্রুত চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে মার্কেট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকার কারণেই দিনের বেলায় এমন চুরির ঘটনা ঘটেছে। তাই দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিটি মোবাইল শোরুমের সাটারের তালা কেটে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, চোর চক্র দুটি দোকান থেকে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবারও প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।