‘আমি কেন চলচ্চিত্রকে পাপ বলব?’ পপির বিস্ফোরক জবাব
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্য নিয়ে সম্প্রতি তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়, জীবনের ‘সব পাপ ধুয়ে-মুছে’ ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে বাকি জীবন কাটাতে চান এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করেন।তবে ভাইরাল হওয়া ওই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি।গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি তিনি। বরং চলচ্চিত্রকে নিজের জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা হিসেবে দেখেন।পপির ভাষায়, “ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এ ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন চলচ্চিত্রকে পাপ বলব?”অভিনেত্রী জানান, একটি ব্যক্তিগত বিষয়ে পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। পরিবারের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করার প্রসঙ্গেই তিনি কথাগুলো বলেছিলেন বলে দাবি করেন।তিনি বলেন, জীবনে কিছু মানুষকে নিজের স্বার্থের কথা না ভেবে পরিবারের জন্য লালন-পালন করেছেন। সেই প্রসঙ্গে বলা কথাগুলো সামাজিক মাধ্যমে ভিন্ন অর্থে ছড়িয়ে তাকে অপমান করা হয়েছে।পপি আরও বলেন, একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার, শ্রম ও ত্যাগকে সম্মান করা সবার দায়িত্ব। প্রায় তিন দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে তার পথচলা। এই সময়ের সঙ্গে ইন্ডাস্ট্রির অসংখ্য মানুষের অবদান ও স্মৃতি জড়িয়ে আছে। তাই যতদিন বেঁচে থাকবেন, চলচ্চিত্রের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে বলেও জানান তিনি।১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।বর্তমানে সংসার ও সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুশীলনেও মনোযোগী পপি। নিয়মিত নামাজ-রোজা পালনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পারিবারিক জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।