বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে সয়লাব নলছিটির বিভিন্ন খাল বিল

ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার চলছে। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু মৎস্য শিকারী এ জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন খাল, বিল এমনকি নদীর তীরেও চায়না দুয়ারী জাল ব্যবহার করা হচ্ছে। শহরের কিছু জালের দোকানেও গোপনে এসব জাল বিক্রি হচ্ছে বলে জানা গেছে।নলছিটি পৌর এলাকার বাসিন্দা হেলাল তালুকদার বলেন, চায়না দুয়ারী জালে মাছের পোনা, রেনু ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে ব্যাপকভাবে মারা যাচ্ছে। দীর্ঘদিন পানিতে রেখে দেওয়া যায় বলে অনেকে এই জাল ব্যবহার করছেন। এতে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব সংকট তৈরি হচ্ছে।শিক্ষক কামরুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলের বাজারে এখন দেশীয় মাছের উপস্থিতি কমে গেছে। অনেক প্রজাতির মাছ ইতোমধ্যে হারিয়ে গেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উৎপাদন ও বিক্রয় পর্যায়ে কঠোর নজরদারি প্রয়োজন।একজন মৎস্যজীবী জানান, চায়না দুয়ারী জাল তুলনামূলক সস্তা এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। এ কারণে অনেকেই সহজলভ্য এই জাল দিয়ে মাছ ধরছেন।নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান জানান, দেশীয় মাছ রক্ষায় সারা বছরই নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। বর্ষা মৌসুমে এসব জালের ব্যবহার বেড়ে যাওয়ায় শিগগিরই উপজেলাজুড়ে অভিযান চালানো হবে।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) রিজবী আহমেদ সবুজ বলেন, চায়না দুয়ারী জাল সরকারিভাবে নিষিদ্ধ। উপজেলা মৎস্য অফিসকে সঙ্গে নিয়ে এ জালের ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে সয়লাব নলছিটির বিভিন্ন খাল বিল