আটোয়ারীতে চুরি হওয়া ৩ গরু উদ্ধার, গ্রামবাসীর সাহসী অভিযান
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে চুরি হওয়া তিনটি গরু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।গতকাল রাতে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ভুট্টা ক্ষেত থেকে গরুগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, গাঠিয়াপাড়া এলাকার কৃষক কার্তিক বর্মনের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ একটি চোরচক্র তিনটি গরু চুরি করে নিয়ে যায়।গভীর রাতে চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চারদিকে খোঁজ শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি ঘন ভুট্টা ক্ষেতের ভেতর গরুগুলো লুকানো অবস্থায় দেখতে পান তারা।এ সময় গ্রামবাসীরা চারদিক থেকে ক্ষেতটি ঘিরে ফেললে চোরেরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। হারানো গরু ফিরে পেয়ে কার্তিক বর্মনের পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে আসে।স্থানীয়রা জানান, এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিজেরাই পাহারার ব্যবস্থা জোরদার করেছেন। এ ঘটনায় গ্রামবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগই দ্রুত সফলতা এনে দিয়েছে।আটোয়ারী থানা পুলিশ জানিয়েছে, চুরির খবর পেয়ে তারা সক্রিয়ভাবে কাজ করেছে এবং চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ ও টহল পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।