বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের দিনই নীলফামারীর সৈয়দপুরে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।আটক সাংবাদিক আরিফ শেখ (৩০) রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা এবং আনন্দ টিভি ও দৈনিক ভোরের দর্শনের প্রতিনিধি হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে চাঁদাদাবিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।মামলাটি করেছেন পায়োনিয়ার ওষুধ কোম্পানির সেলসম্যান মো. লাবু মিয়া। অভিযোগে বলা হয়, গত ২ মে বিকেলে সৈয়দপুর উপজেলার মালিপাড়া এলাকায় ওষুধ বিক্রির সময় স্থানীয়দের হাতে আটকা পড়েন তিনি ও তার সহকর্মী। পরে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক পরিচয়ে কয়েকজন তাদের কাছ থেকে টাকা দাবি করেন এবং মোটরসাইকেলের চাবি নিয়ে নেন।এ ঘটনায় লাবু মিয়া কৌশলে পুলিশে খবর দিলে ৯৯৯ সেবার মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আরিফ শেখ ও স্থানীয় ব্যবসায়ী ভবেশ রায়কে আটক করে। অপর এক সাংবাদিক খলিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে রাতে সৈয়দপুর থানায় ৩৪২/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয় এবং রোববার সকালে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়।সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে অভিযুক্ত সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয়দের ডাকে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি ঘিরে তদন্ত ও আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।