রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

৪৩ দিন পর আবার ভাঙল খোয়াই বাঁধ, প্লাবিত ৮ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ আবারও ভেঙে গেছে। মেরামতের ৪৩ দিনের মাথায় রোববার (২৩ আগস্ট) সকালে বাঁধের সংস্কার করা অংশে নতুন করে ভাঙন দেখা দেয়।স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। রোববার সকাল ১১টার দিকে নদীর প্রবল স্রোতে কালীগঞ্জে বাঁধের দুর্বল অংশ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এতে অন্তত আটটি গ্রাম প্লাবিত হয়েছে।এর আগে গত ৯ জুলাই রাতে একই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম পানিতে তলিয়ে যায়। পরে বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও তা পুরোপুরি শেষ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।বাসিন্দারা অভিযোগ করেন, মেরামত কাজে ধীরগতি ও যথাযথভাবে কাজ শেষ না হওয়ায় একই স্থানে আবারও ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ।হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, নদীর অতিরিক্ত স্রোতের কারণে কালীগঞ্জে আগের ভাঙন স্থানে মেরামত করা অংশ আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৪৩ দিন পর আবার ভাঙল খোয়াই বাঁধ, প্লাবিত ৮ গ্রাম