কেরাণীগঞ্জ-কদমতলীতে র্যাবের অভিযান, ৬ লাখ টাকা জরিমানা
ঢাকার কেরাণীগঞ্জ ও কদমতলী এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য এবং প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানের এক পর্যায়ে রাজধানীর কদমতলী থানার সবুজবাগ এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।এ ঘটনায় মো. শাহিন রেজা (৪১) ও মো. ইদ্রিস আলী (৫৭)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।অন্যদিকে কদমতলী এলাকায় পৃথক আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. তারেকুল ইসলাম (৪৬)-কে অবৈধভাবে তামার তার উৎপাদনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।