বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

কুড়িগ্রাম প্রেসক্লাবে এমপি আতিকের কড়া বার্তা প্রশাসনে সিন্ডিকেটের অভিযোগ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।মঙ্গলবার বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার উন্নয়ন, সম্ভাবনা, সুশাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউনুস আলী, শ্যামল ভৌমিক ও বাদশা সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াহিদুজ্জামান তুহিন।প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, কুড়িগ্রাম সম্ভাবনাময় জেলা হলেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও দীর্ঘদিনের অবহেলার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং অনুসন্ধানী সাংবাদিকতা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, নদীভাঙন, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সমস্যা নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহজ হবে এবং সংসদেও এসব বিষয় তুলে ধরা সম্ভব হবে।এছাড়া তিনি গণমাধ্যমকে সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।এর আগে দুপুরে এক কর্মসূচি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কিছু ভূমি কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তার মধ্যে সমন্বয়ের ঘাটতি ও সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে তার কাছে প্রতীয়মান হয়েছে।তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে। সভায় উপস্থিত ছিলেন এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবে এমপি আতিকের কড়া বার্তা প্রশাসনে সিন্ডিকেটের অভিযোগ