বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত বলে জানা গেছে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে আইসিটি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান পাটোয়ারী আবির ও ওমর ওসমানের সঙ্গে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভির সাকিবের বিরোধ হয়। পরে লাইব্রেরি থেকে বের হওয়ার পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তানভির সাকিব, ইংরেজি বিভাগের তাসিন ও বাংলা বিভাগের হামিদের হাতাহাতি হয়।পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর অফিসে ডাকা হয়। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হলেও অফিস থেকে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবারও সংঘর্ষ শুরু হয়।একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা প্রকৌশল অনুষদে আশ্রয় নেন। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে অপর পক্ষ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আশ্রয় নেয়। এরপর দত্ত হলের শিক্ষার্থীদের সঙ্গে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, মারামারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।বিকেল ৪টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন। প্রায় এক ঘণ্টা পর প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার পর তালা খুলে দেওয়া হয়।সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা দত্ত হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। প্রক্টরিয়াল বডি জানায়, দুপুরে বিষয়টি একবার মীমাংসা করা হলেও পরে শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়ান। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০