শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন: পুনর্তদন্ত চায় এবি পার্টি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ভেরিফিকেশনের কারণে কিছু প্রার্থী নিয়োগ থেকে বাদ পড়েছেন এমন অভিযোগ নিয়ে পুনর্তদন্তের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। একই দিনে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের পুনঃযাচাই ও আপিলের সুযোগ দেওয়ার দাবিও উঠেছে। এবি পার্টির নেতারা বলেন, মেধার ভিত্তিতে লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী ভেরিফিকেশনের পর বাদ পড়ে থাকলে তার সুনির্দিষ্ট কারণ, আইনগত ভিত্তি ও প্রমাণ প্রকাশ করা প্রয়োজন।তাদের বক্তব্য, ভেরিফিকেশন প্রক্রিয়া যেন বৈষম্য, হয়রানি কিংবা রাজনৈতিক বা মতাদর্শিক বাছাইয়ের মাধ্যম না হয়।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সরকারি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে নিয়োগ বাতিল করা হলে সংশ্লিষ্ট প্রতিবেদনের ভিত্তি ও প্রমাণ যাচাইয়ের সুযোগ প্রার্থীকে দিতে হবে।এবি পার্টি আরও দাবি করেছে, অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চাকরি বাতিল না করে বিষয়গুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে পুনঃতদন্ত করা হোক।মঞ্জু ও ফুয়াদ বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিয়োগের বিভিন্ন ধাপে নম্বর বা মানদণ্ড পরিবর্তনের উদ্যোগ নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।তাদের দাবি, আর্থিক লেনদেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ থেকে নিয়োগব্যবস্থাকে মুক্ত রাখতে জবাবদিহিমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।এবি পার্টি ভেরিফিকেশনে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিবেদন পুনঃপর্যালোচনা, অভিযোগের ভিত্তি ও প্রমাণ প্রকাশ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্তদন্তের দাবি জানিয়েছে।দলটির নেতারা বলেন, যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থী আইনগতভাবে অযোগ্য প্রমাণিত না হলে বিষয়টি পুনরায় পরীক্ষা করে দেখার সুযোগ থাকা উচিত।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগপত্র বিতরণ শুরু হওয়ার পর কয়েকজন প্রার্থী ভেরিফিকেশনের কারণে বাদ পড়ার অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভেরিফিকেশনের মানদণ্ড, বাদ পড়ার কারণ এবং সংশ্লিষ্ট প্রার্থীদের আপিল বা পুনঃযাচাইয়ের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। এবি পার্টি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন: পুনর্তদন্ত চায় এবি পার্টি