শনিবার, ২৭ জুন ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে এনডিএফের পূর্ণ সমর্থন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা কমিটি।শনিবার এক যৌথ বিবৃতিতে জেলা কমিটির সভাপতি রত্নাকুর দাস জহর এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল বলেন, একটি মেডিকেল কলেজের মূল ভিত্তি হলো তার হাসপাতাল এবং পর্যাপ্ত দক্ষ শিক্ষক। কিন্তু অবকাঠামো প্রস্তুত থাকলেও রহস্যজনক কারণে এখনো সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। পাশাপাশি তীব্র শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।নেতৃদ্বয় বলেন, নিজেদের ন্যায্য ও মৌলিক অধিকার আদায়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা মনে করেন, সুনামগঞ্জের মতো হাওরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার অন্যতম ভরসা হতে পারত এই হাসপাতাল। কিন্তু দীর্ঘসূত্রতা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে একদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে জেলার লাখো মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।বিবৃতিতে এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটি শিক্ষার্থীদের আন্দোলনকে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে অবিলম্বে হাসপাতাল চালু, শিক্ষক সংকট দূর এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে এনডিএফের পূর্ণ সমর্থন