চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বাস্তবায়িত চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।রোববার (২ আগস্ট ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কন্যানগর প্রধান সড়ক থেকে কন্যানগর কবরস্থান পর্যন্ত বিএসএফ সোলিং রাস্তা, নাচোল বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ ওয়েল্ডিং থেকে রাজিয়া বেগমের বাড়ি পর্যন্ত সিসি সড়ক, চেয়ারম্যানপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সিসি রাস্তা এবং থানাপাড়া শাহজাহান মাস্টার কবরস্থান পর্যন্ত আরসিসি রাস্তা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, এডিপির আওতায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মু. মিজানুর রহমান এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।