প্রবাসীদের উদ্যোগে রাউলীতে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামের প্রবাসীদের সংগঠন আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, রাউলী-এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শুক্রবার (২২ মে ২০২৬) বাদ আছর রাউলী ঈদগাহ মাঠে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।সংগঠনের প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন আশরাফ আলী। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, উবায়দুল হক মাসুম ও খয়ার আহমদসহ এলাকার নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে দেশবাসী ও প্রবাসীদের সুস্থতা, মঙ্গল ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।সংগঠনের নেতৃবৃন্দ জানান, সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি চলতি বছরের ৬ মে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৩৯ জন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।
সবশেষে রাউলি মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলাম মুনাজাত পরিচালনা করেন।