শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ইসলামপুরে নুরজাহান হত্যা রহস্য উন্মোচন, নারীসহ গ্রেফতার ৩

জামালপুরের ইসলামপুরে চাঞ্চল্যকর নুরজাহান বেগম হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিহতের লুণ্ঠিত স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন—যশোরের কোতোয়ালী থানার ঝাউদিয়া পূর্বপাড়া এলাকার ইয়ামিন ওরফে সাগর (২৫), তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার পপি ওরফে জান্নাত (১৯) এবং খাদিজার মা রেহেনা আক্তার (৫২)।পুলিশ জানায়, গত ৩০ জুলাই ইসলামপুর থানায় হত্যা মামলা দায়েরের পরপরই ঘটনার তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসলামপুর পৌরসভার কিসমত জাল্লা এলাকার একটি জুয়েলারি দোকান এবং রেহেনা আক্তারের বাড়ি থেকে নিহত নুরজাহানের এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের নাকফুল এবং প্রায় দুই ভরি ওজনের রূপার চেইন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের মধ্যে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, জেলা পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পুলিশের পেশাদার তদন্ত ও দ্রুত অভিযানের ফলে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত অলংকার উদ্ধার সম্ভব হয়েছে।তিনি আরও জানান, মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইসলামপুরে নুরজাহান হত্যা রহস্য উন্মোচন, নারীসহ গ্রেফতার ৩