পশ্চিম তীরে ৯৯.৯% বসতি স্থাপনকারী আইন মানে: নেতানিয়াহু
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, বসতি স্থাপনকারীদের মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ আইন লঙ্ঘন করে, আর ৯৯.৯ শতাংশ মানুষই আইন মেনে চলেন।সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ দাবি করেন।তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং সহিংসতায় জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তার সরকার প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বসতি স্থাপনকারীদের সহিংসতার যে চিত্র তুলে ধরা হয়, তা বাস্তব পরিস্থিতির তুলনায় অতিরঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।নেতানিয়াহু বলেন, নিরপেক্ষভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে, অধিকাংশ বসতি স্থাপনকারী সাধারণ আইন মেনে চলা নাগরিক।তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকরা নেতানিয়াহুর এই দাবির তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, অগ্নিসংযোগ, সম্পত্তি ধ্বংস ও ভূমি দখলের ঘটনা নিয়মিত ঘটছে।
মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতার মাত্রা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার নথিতে পশ্চিম তীরে হামলা, বাড়িঘর ক্ষতিগ্রস্ত করা এবং কৃষিজমি ধ্বংসের মতো বহু ঘটনার উল্লেখ রয়েছে।