বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ইরান ইস্যুতে এক টেবিলে ইসরায়েল-সৌদি-কাতারসহ ৯ দেশের সেনাপ্রধান

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নিয়ে জার্মানিতে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সাত আরব দেশের সামরিক প্রধানরা। গত সপ্তাহে একটি নির্জন স্কি রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক নেতারা অংশ নেন। বৈঠকটি আয়োজন করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সেন্টকমও জার্মানিতে আট দেশের জ্যেষ্ঠ সামরিক নেতাদের নিয়ে একটি সম্মেলন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান সম্পর্কে অন্য সামরিক কর্মকর্তাদের অবহিত করেন। অন্যদিকে ব্র্যাড কুপার ইরানের হামলার পরও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করার অবস্থান তুলে ধরেন বলে সূত্রের বরাতে জানানো হয়েছে।বৈঠকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল বাড়ানোর মার্কিন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। ইরান ওই জলপথে বাধা সৃষ্টি ও জাহাজে হামলা শুরুর আগে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। এদিকে ইরান-সমর্থিত হুথিদের তৎপরতা এবং বাব আল-মান্দেব প্রণালির দিকে তাদের অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবকে সহায়তার সম্ভাব্য উপায় নিয়ে ইসরায়েল ও সৌদির মধ্যে আলোচনা চলছে বলে অ্যাক্সিওসকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র।সূত্রটি জানিয়েছে, এ ক্ষেত্রে ইসরায়েলের সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম। সেন্টকমের সহায়তায় দুই দেশের মধ্যে এ বিষয়ে যোগাযোগ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জার্মানির এই বৈঠককে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে অংশগ্রহণকারী দেশগুলোর বৈচিত্র্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই বৈঠকে সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোর সামরিক নেতৃত্বের উপস্থিতি মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সমন্বয়ের একটি চিত্র তুলে ধরেছে। তবে বৈঠকটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট বা ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান ঘোষণার সমান নয়; সেন্টকমের ভাষ্য অনুযায়ী, আলোচনার বিষয় ছিল মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সুযোগ।

ইরান ইস্যুতে এক টেবিলে ইসরায়েল-সৌদি-কাতারসহ ৯ দেশের সেনাপ্রধান