ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রায় ১ হাজার ২২৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ‘ব্যাটলগ্রুপ নর্থ’-এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ ১৯৫, ‘ব্যাটলগ্রুপ ওয়েস্ট’-এর এলাকায় প্রায় ২০০ এবং ‘ব্যাটলগ্রুপ সাউথ’-এর এলাকায় প্রায় ১৬৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।এ ছাড়া ‘ব্যাটলগ্রুপ সেন্টার’-এর এলাকায় ৩৪৫-এর বেশি, ‘ব্যাটলগ্রুপ ইস্ট’-এর এলাকায় সর্বোচ্চ ২৮৫ এবং ‘ব্যাটলগ্রুপ দনেপ্র’-এর এলাকায় প্রায় ৩৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। রুশ বার্তা সংস্থা তাস এসব তথ্য জানিয়েছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাতভর ইউক্রেনের ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকা এলাকায় একটি রসদকেন্দ্রে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই কেন্দ্রে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য বিদেশ থেকে আসা সামরিক সরঞ্জাম মজুত ও বিতরণ করা হতো।একই অঞ্চলের চেরনোমর্স্ক বন্দরে একটি কার্গো জাহাজ ও একটি রো-রো ফেরিতেও হামলার দাবি করেছে রাশিয়া। মন্ত্রণালয়ের ভাষ্য, এসব নৌযানে ইউক্রেনীয় বাহিনীর জন্য নির্ধারিত সামরিক সরঞ্জাম আনা হয়েছিল। পশ্চিম ইউক্রেনে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।ভলিন অঞ্চলের রিমাচি এলাকার কাছে সামরিক সরঞ্জাম বহনকারী একটি ইউক্রেনীয় ট্রেনে হামলার দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ট্রেনটিতে বিদেশে তৈরি ড্রোন ও যন্ত্রাংশ ছিল এবং হামলায় ‘গেরান-৪ সিকার’ ড্রোন ব্যবহার করা হয়।এদিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৫৮৯টি ড্রোন ও ছয়টি নির্দেশিত বোমা ধ্বংস করেছে বলেও দাবি করেছে মস্কো। রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চল, তাতারস্তান, ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের ওপর আরও ২২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করা হয়েছে।খারকিভ অঞ্চলেও রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ‘ব্যাটলগ্রুপ নর্থ’ ওলখোভাতকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ওই এলাকার পূর্বদিকে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। মালায়া ভলচিয়া এলাকাতেও লড়াই চলছে বলে জানানো হয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, খারকিভে অবরুদ্ধ ইউক্রেনীয় বাহিনীর বেরিয়ে যাওয়ার চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় সর্বোচ্চ ৩৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়। চলতি মাসের শুরু থেকে সেখানে অবরুদ্ধ ইউক্রেনীয় বাহিনীর সর্বোচ্চ ৪৯০ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।এ ছাড়া ইউক্রেনের সীমান্ত ক্রসিংয়ে রুশ হামলার কারণে বিদেশি সামরিক সহায়তা সরবরাহের স্থলপথ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভলিন অঞ্চলের ইয়াগোদিন সীমান্ত চৌকিতে ‘গেরান’ ধরনের ড্রোন দিয়ে হামলার একটি ভিডিও প্রকাশের কথাও জানিয়েছে মস্কো।তবে রাশিয়ার এসব হতাহতের সংখ্যা ও সামরিক হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।