শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

ভাঙ্গুড়ায় আদিবাসীদের নিয়ে বর্ণাঢ্য মে দিবস

সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত এই অঙ্গীকারকে ধারণ করে পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ১লা মে খানমরিচ বিএম কলেজ অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেড এর উদ্যোগে এবং আমরাই পারি ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও শ্রম অধিকার বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং প্রান্তিক শ্রমজীবী মানুষের ক্ষমতায়ন ছিল আয়োজনের মূল প্রতিপাদ্য।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানেন্দ্র নাথ সরকার। অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ শিক্ষক ও লেখক এস এম শিমুল, বিশিষ্ট চিকিৎসক ডা. দুলাল সরকার, আদিবাসী নেত্রী মৌসুমী বসাক, নারী নেত্রী আলো রানী সরকার এবং ব্রেড এর কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার।বক্তারা ১৮৮৬ সালের শিকাগো হে মার্কেটের শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, মে দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার চিরন্তন প্রেরণা। তারা বলেন, এখনো সমতলের আদিবাসী ও নারী শ্রমিকরা মজুরি বৈষম্য ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং সংবিধানে জাতিগত স্বীকৃতি প্রদানের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। এস এম শিমুল বলেন, শ্রমিক ও মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপরই অর্থনীতি দাঁড়িয়ে আছে, আর আদিবাসী নারীদের শ্রমের যথাযথ মূল্যায়ন ছাড়া বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

ভাঙ্গুড়ায় আদিবাসীদের নিয়ে বর্ণাঢ্য মে দিবস