আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন আদালতে সুব্রত বাইনের মেয়ের আকুতি
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যা চেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে (৩৫) ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পর বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।দুপুরে ভাটারা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে খাদিজা ইয়াসমিন বিথি আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন। আমার ছোট বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।তিনি আরও দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র বাবার পরিচয়ের কারণে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। বিথির ভাষ্য অনুযায়ী, তিনি তার বাবাকে দেখতে গিয়েছিলেন, সেখান থেকেই তাকে আটক করা হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতে বলেন, মামলার তদন্তে আসামির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে সোহেলী তামান্না গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তিনি নিজেই বাড্ডা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, খাদিজা ইয়াসমিন বিথির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।