রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

১৫ ঘণ্টার টানা বৃষ্টিতে আটোয়ারী অচল, পানিতে ডুবেছে সড়ক, দুর্ভোগে জনজীবন

টানা ১৫ ঘণ্টার অবিরাম বর্ষণে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। গত রাত থেকে শুরু হওয়া এই টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে, পাশাপাশি সড়কগুলোতে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।শনিবার সকাল থেকে আটোয়ারী বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কাজ করতে না পেরে বিপাকে পড়েছেন।উপজেলার অভ্যন্তরীণ কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে যাওয়ায় রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল প্রায় বন্ধের মুখে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীদের ভিজে কষ্ট করে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। একই সঙ্গে বৃষ্টির প্রভাবে স্থানীয় হাট-বাজারগুলোতেও কেনাবেচা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।এদিকে দীর্ঘ সময়ের বৃষ্টিতে মাঠের ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে নিচু জমির আবাদি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।রাধানগর এলাকার এক পথচারী জানান, “গত রাত থেকে বৃষ্টি থামেনি। টানা বৃষ্টিতে রাস্তাঘাটে হাঁটা-চলা করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। কাদা ও পানির কারণে ভোগান্তির শেষ নেই।” আবহাওয়া পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টার টানা বৃষ্টিতে আটোয়ারী অচল, পানিতে ডুবেছে সড়ক, দুর্ভোগে জনজীবন