পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও-সাতপাখি কাঁচা সড়কে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে তলিয়ে কর্দমাক্ত হয়ে পড়ছে। এতে কয়েক হাজার মানুষের যাতায়াত ও নিত্যদিনের চলাচল চরম ভোগান্তির মুখে পড়েছে।সরেজমিনে দেখা যায়, মালিগাঁও থেকে সাতপাখি সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশে হাঁটুসমান পানি জমে রয়েছে। বড় বড় গর্তে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝাও কঠিন হয়ে পড়েছে।প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ শত শত মানুষ চলাচল করেন। বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে পায়ে হেঁটে চলাচলও কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা বা কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কৃষকেরাও উৎপাদিত ফসল বাজারে নিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।এলাকাবাসীর দাবি, প্রতি বর্ষা মৌসুমেই তাদের একই দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনো সড়কটি পাকাকরণ বা টেকসই সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।ভুক্তভোগীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং মালিগাঁও-সাতপাখি সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করে স্থায়ী সমাধানের জন্য আটোয়ারী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।