খুলনায় বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ‘আশিক গ্রুপের’ ২ সদস্য
খুলনা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে নগরীর সদর থানাধীন চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিবি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৩টা ৩৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ওই দুইজনকে আটক করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।