খুলনায় বিদেশি পিস্তল ও গুলি সহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম - রানা গ্রেফতার
খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতাররা হলেন লবণচরা থানার নাজিম ওরফে নাদিম (৩০) ও তার সহযোগী মো. মাসুদ রানা (৩৭)।র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাদের আটক করা হয়।র্যাবের দাবি, গ্রেফতার নাদিম লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানকালে নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব জানায়, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে তাদের উদ্ধারকৃত আলামতসহ লবণচরা থানায় হস্তান্তর করা হবে।