রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের মুখে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান শোনা যায় বলে দাবি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়াম এলাকায় পুলিশ পাহারা থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে এমন ঘটনা ঘটানো হলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।স্থানীয় বাসিন্দা রাসেল হাসান বলেন, সকালে বিষয়টি জানতে পারেন তারা। তার দাবি, ভোরের দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। পুলিশকে আগে জানানো হলেও বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ঘটনাটিকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।‘জুলাই যোদ্ধা পরিবার’ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব রবিউল পারভেজ রাহুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জুলাই স্মৃতির সঙ্গে জড়িত কোনো স্থাপনায় নাশকতা গ্রহণযোগ্য নয়। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব সুলতান মারুফ তালহাও দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। ঘটনাস্থলে কর্মকর্তারা কাজ করছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ