শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যে একটি সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতও শেখ হাসিনার ‘পাগলামি’ বুঝতে পারছে। তাঁকে নিয়ে তারাও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির এ কথাগুলো বলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ আলাদা বিষয় বলে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি একরকম; আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি। তিনি বলেন, শেখ হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করতে হবে। গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। ভারতের কাছে শেখ হাসিনাসহ অন্যদের ফেরত চেয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানিয়েছে কি না এবং এ বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে কি না– সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এখন জবাবের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাঁর বাংলাদেশে আসার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তাঁর ফেরার কোনো পথ নেই। শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশে ফিরতে শেখ হাসিনার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের উড়োজাহাজ চাওয়া এবং প্রতিক্রিয়ায় তাঁকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনা হবে বলে সরকারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে গতকাল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্তব্য করেন রণধীর জয়সোয়াল। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে সেই বিধানই প্রযোজ্য। তিনি আরও বলেন, ‘ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী। আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাঁকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।’ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে আরেকটি নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন এবং প্রত্যর্পণই তাঁকে দেশে ফেরানোর একমাত্র পথ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ। দুই হাজার মানুষ হত্যা করে গেছেন, কোনো অনুশোচনা নেই। তাঁর কোনো রাজনীতি নেই। রাজনীতি অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী। নিজেদের ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জ ভারতও বুঝতে পারছে।’

শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির