সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার আগ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৫৮ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩৬৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। মোট ১ হাজার ৪১২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (২৫ নভেম্বর) মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন হাসপাতাল ছেড়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।