স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে ক্ষমতা থেকে সরাতে রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের ইউরোপ ও লাতিন আমেরিকার মিত্রদের আগ্রহ বেশি। আগামী ২৯ নভেম্বরের স্পেনের সংসদ নির্বাচনের আগে এমন বিশ্লেষণ উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক নিবন্ধে। এতে বলা হয়েছে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত ২ নভেম্বর অভিযোগ করেন, দেশটির নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি শক্তি। যদিও তিনি নির্দিষ্ট করে কারও নাম বলেননি। তার দাবি, এসব শক্তির পছন্দের তালিকায় রয়েছে উগ্র ডানপন্থিরা। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও উগ্র ডানপন্থি ভক্স পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এতে জোট সরকার গঠনের সুযোগ তৈরি হলে ক্ষমতা হারাতে পারেন সানচেজ। বর্তমানে তার নেতৃত্বে রয়েছে সমাজতান্ত্রিক দল পিএসওই ও বামপন্থি সুমার পার্টির জোট সরকার। নিবন্ধে বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ায় স্পেনে রুশ হস্তক্ষেপের আশঙ্কা থাকলেও মস্কোর জন্য সরকার পরিবর্তন করে ইউক্রেন ইস্যুতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনা কঠিন। বরং সানচেজের পতনে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন ট্রাম্প ও নেতানিয়াহু। এর কারণ, ট্রাম্পের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করে ২০২৫ সালে ন্যাটোর ৩২ সদস্যের মধ্যে একমাত্র দেশ হিসেবে স্পেন জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রস্তাবে সম্মতি দেয়নি। পরে ইরানে হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি মাদ্রিদ। অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে সানচেজের সরকার। এতে ইউরোপের অন্যান্য শক্তিধর দেশের অবস্থান থেকে স্পেন আলাদা হয়ে যায়। নিবন্ধে আরও বলা হয়েছে, লাতিন আমেরিকার উগ্র ডানপন্থি নেতারাও সানচেজের বিরোধী। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তাকে দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী বলে আক্রমণ করেছেন। লেখকের মতে, সানচেজ ক্ষমতা হারালে ইউরোপীয় ইউনিয়নে প্রগতিশীল রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ দুর্বল হবে। একই সঙ্গে পিপি ও ভক্সের জোট সরকার ইউরোপের রাজনীতিতে উগ্র ডানপন্থিদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে পারে। সূত্র: আল-জাজিরা
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।