বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ কপ-৩১ সম্মেলন চলাকালে হওয়া উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করে। হাইকমিশনার জানান, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কপ-৩১ চলাকালে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)-এর একটি নতুন প্রক্রিয়ায় যুক্তরাজ্য প্রাথমিক পর্যায়ে ৪০০ মিলিয়ন পাউন্ড অবদান রেখেছে। অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আনার বিষয়ে কাজ করার ব্যাপারেও তারা আলোচনা করেন। এ ছাড়া দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থা, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর প্রসার নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান, যেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে। তিনি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনসহ রোহিঙ্গাদের অধিকারের পক্ষে অব্যাহতভাবে সোচ্চার থাকার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এডিনবার্গের ডাচেস সোফির ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফর এবং অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য যৌথ উদ্যোগের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন। বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।