‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতে পলাতক শেখ হাসিনার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে। পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে এ বিষয়ে কোনো আপডেট নেই বলে জানান তিনি। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়ে শামা ওবায়েদ বলেন, গঙ্গার পানি চুক্তির জন্য যথা সময়েই দুদেশের প্রধানরা বসবেন। বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অরাজকতা নেই উল্লেখ করে তিনি বলেন, যেটা ছিল সেটা গার্মেন্টসে শ্রমিকদের মজুরির, সেটার সমাধান হয়েছে।  পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, পাকিস্তান গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে এটা আমাদের প্রত্যাশা। তবে এগিয়ে যাওয়ার জন্য সব দেশের সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত নিয়ে তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।

‘নেতাকর্মী রেখে পালানো হাসিনা কী স্বাধীন করবে’