রিয়াল মাদ্রিদে থিবো কোর্তোয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। ২০২৮ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন বেলজিয়ান এই গোলকিপার। গত সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হলেও এবার আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেছেন তিনি। ফুটবল দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন কোর্তোয়া। এর ফলে আরও এক মৌসুম সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি। যদিও এখনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রিয়াল মাদ্রিদ। বর্তমানে দলের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন কোর্তোয়া। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচ খেলে চারটিতে কোনো গোল হজম করেননি তিনি। প্রতিপক্ষের শট ঠেকানোর হার ৭৮ শতাংশ। সব মিলিয়ে তার বিপক্ষে গোল হয়েছে মাত্র ৯টি। ২০১৮ সালের আগস্টে চেলসি থেকে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই বেলজিয়ান তারকা। এরপর থেকেই গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলের আস্থার প্রতিদান দিয়েছেন। তার হাত ধরে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে মাদ্রিদ। আরও পড়ুনআরও পড়ুনফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন বিশেষ করে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে কোর্তোয়ার পারফরম্যান্স ছিল স্মরণীয়। ওই ম্যাচে প্রতিপক্ষের নয়টি নিশ্চিত গোলের প্রচেষ্টা ঠেকিয়ে রিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে ক্যারিয়ারে বড় ধাক্কাও সামলাতে হয়েছে এই গোলরক্ষককে। ২০২৩ সালের আগস্টে এসিএল ইনজুরিতে পড়েন তিনি। পরের বছর মার্চে হাঁটুর মেনিসকাসে চোট পান। পরপর দুটি গুরুতর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হলেও সুস্থ হয়ে ফিরে আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন। লা লিগায় ইতোমধ্যে ১৫০টি জয়ের মাইলফলক স্পর্শ করেছেন কোর্তোয়া। গোলকিপার হিসেবে তিনটি অ্যাসিস্টও রয়েছে তার, যা তাকে এই পজিশনের খেলোয়াড়দের মধ্যে সর্বকালের অন্যতম সেরা অ্যাসিস্টদাতার কাতারে নিয়ে গেছে। পাশাপাশি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।