লিবিয়ার জলসীমায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইতালি। দেশটির অভিযোগ, ইউক্রেন এই হামলার মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং উত্তর আফ্রিকার দেশটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করেছে। ইতালির এমন অবস্থানে ইউক্রেনের প্রতি দেশটির দীর্ঘদিনের সমর্থনে বিরল ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত রবিবার রাতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং উপকূলের কাছে থাকা সামরিক সরঞ্জামবাহী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কিয়েভের দাবি, জাহাজ দুটি রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছিল, তাই এগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে লিবিয়ার কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় লিবিয়ার ন্যাশনাল আর্মির (এলএনএ) দুই নৌ কর্মকর্তা নিহত হয়েছেন। এর জেরে পূর্বাঞ্চলভিত্তিক লিবীয় বাহিনী উপযুক্ত সময়ে ও উপযুক্ত উপায়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, লিবিয়ার জলসীমায় হামলার পরিকল্পনা সম্পর্কে রোমকে আগে থেকে কিছু জানানো হয়নি। তার মতে, লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা ভুল হয়েছে। দেশটির ক্ষমতাসীন জোটের শরিক ডানপন্থী লিগ পার্টিও হামলার সমালোচনা করেছে। লিবিয়া ইতালির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গত বছর দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় এক-চতুর্থাংশ এসেছে লিবিয়া থেকে। পাশাপাশি ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান যাত্রাপথ এটি। লিবিয়ায় নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে ইতালির জ্বালানি সরবরাহ, বাণিজ্যপথ ও অভিবাসন নিয়ন্ত্রণের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিস্তার ঠেকানোর পাশাপাশি লিবিয়ায় নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তাস্বার্থ রক্ষাই ইতালির উদ্বেগের প্রধান কারণ। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/একেএ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।