সাভার-আশুলিয়ায় ৮০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বৃহস্পতিবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড় ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৮০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হেমায়েতপুর এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে আশুলিয়ার একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এ ছাড়া কাঠগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকালে কিছুটা উত্তপ্ত থাকলেও দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ১ হাজার ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পুলিশের শ্রদ্ধা রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দেবে না। তবে সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাকশিল্পকে অস্থিতিশীল করার পেছনে কোনো কুচক্রী মহল বা অর্থের জোগানদাতা রয়েছে কি না, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

সাভার-আশুলিয়ায় ৮০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ