কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচদিন পর রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঁদা না পেয়ে স্থানীয় এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে তাকে হত্যার পর পুকুরে মরদেহ ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক। অভিযুক্ত আবরাদ হাসান সজিব লালমাই কলেজ পাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ও পরিবারের সূত্র জানায়, গত পাঁচ দিন আগে অভিযুক্ত সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রেদোয়ান। ছেলের কোনো খোঁজ না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ‘সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করা হয়। ভেবেছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কীভাবে মানব? সজিব তাকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি সজিবের সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।’ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্যোগ উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।