জাপানের পাহাড় ও বনাঞ্চলে জন্মানো বুনো শাকসবজি সংগ্রহের অভিজ্ঞতা নিতে আগ্রহী হচ্ছেন দেশি-বিদেশি পর্যটকেরা। ‘সানসাই’ নামে পরিচিত এসব বুনো উদ্ভিদ সংগ্রহ করতে কেউ কেউ হাজার হাজার ডলার পর্যন্ত খরচ করছেন। প্রবীণ, শেফ, প্রকৃতিপ্রেমী, পর্যটক থেকে শুরু করে সুস্থ জীবনযাপনে আগ্রহী তরুণ প্রজন্ম—সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠছে জাপানের এই ঐতিহ্য। সানসাই শব্দের অর্থ ‘পাহাড়ি সবজি’। সাধারণত বসন্তকালে জাপানের পাহাড় ও বনে এসব ভোজ্য উদ্ভিদ সংগ্রহ করা হয়। ব্রিটিশ বংশোদ্ভূত জাপানি উদ্ভিদ সংগ্রাহক ও প্রামাণ্যচিত্র নির্মাতা এমিলি কনরান সিএনএনকে বলেন, দীর্ঘ শীতের পর প্রকৃতিতে নতুন জীবনের সূচনা করে সানসাই। এর ২৮০ টিরও বেশি প্রজাতি রয়েছে। এর মধ্যে ফুকি নো তো নামের একধরনের ফুলের কুঁড়ি, ওয়ারাবি নামের ফার্ন এবং কোগোমি উল্লেখযোগ্য। এগুলোর স্বাদ কিছুটা তেতো হলেও বেশ সতেজ ও সুস্বাদু। সিএনএন জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাজ্য ছেড়ে জাপানের নারা অঞ্চলের একটি গ্রামে বসবাস শুরু করেন কনরান। নিজের জাপানি শিকড়ের সঙ্গে পুনরায় যুক্ত হওয়া এবং পূর্বপুরুষদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানার আগ্রহ থেকেই তাঁর এই সিদ্ধান্ত। কনরানের ভাষ্য, জাপানে বুনো উদ্ভিদ সংগ্রহের ইতিহাস প্রাগৈতিহাসিক জোমন যুগ পর্যন্ত বিস্তৃত। প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে দেশটিতে কৃষিজ উৎপাদন সব সময় সমান থাকে না। এমন পরিস্থিতিতে সানসাই ছিল মানুষের খাদ্যের নির্ভরযোগ্য উৎস। অতীতে দুর্ভিক্ষ ও খাদ্যসংকটের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে এসব উদ্ভিদ। জৈব খাবার, অন্ত্রের স্বাস্থ্য এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাস নিয়ে মানুষের আগ্রহ বাড়ায় নতুন করে গুরুত্ব পাচ্ছে সানসাই। দীর্ঘ শীতের পর শরীরকে সতেজ করতে এসব উদ্ভিদ উপকারী বলে জাপানের প্রচলিত খাদ্যসংস্কৃতিতে বিশ্বাস করা হয়। গবেষণায় ফুকি উদ্ভিদের কিছু উপাদানে স্নায়ুর সুরক্ষা ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া গেছে। কোগোমিতে এমন কিছু যৌগ রয়েছে, যা পরিপাকতন্ত্র ও যকৃতের সুস্থতার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়। ইউডো নামের আরেকটি উদ্ভিদ রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং বিপাকীয় স্বাস্থ্যের সম্ভাব্য উপকারিতার জন্য পরিচিত। তবে এসব উদ্ভিদ খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে ঠিক কী পরিমাণ স্বাস্থ্যগত সুফল পাওয়া যায়, তা নিয়ে গবেষণা এখনো সীমিত। সানসাই সাধারণত সেদ্ধ করে, টেম্পুরা হিসেবে ভেজে কিংবা গাঁজন প্রক্রিয়ায় সংরক্ষণ করে খাওয়া হয়। জাপানের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ইসে সুয়েইয়োশির শেফ ইউকি তানাকা বসন্তকালে তাঁর কাইসেকি মেন্যুতে এসব উদ্ভিদ পরিবেশন করেন। তাঁর মতে, ঋতুভিত্তিক খাবারের সঙ্গে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার গভীর সম্পর্ক রয়েছে। সানসাই সংগ্রহের জনপ্রিয়তা বাড়ার পেছনে মানসিক প্রশান্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কনরান জানান, গ্রামের প্রবীণেরা নিজেদের সংগ্রহ করা শাকসবজি একে অন্যের সঙ্গে ভাগাভাগি করেন, রান্না করেন এবং উপহার দেন। এতে তাঁদের মধ্যে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকে। জাপানের নাগাওয়া অঞ্চলে দম্পতি নোয়ে ও কেনজি সেকিয়া পরিচালনা করছেন প্রকৃতিভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান দাইজিয়া। বসন্তে সানসাই এবং শরতে মাশরুম সংগ্রহের আয়োজন করেন তাঁরা। জনপ্রতি প্রায় ৬৩ ডলারের এসব ভ্রমণে থাকে নিরাপত্তা ও উদ্ভিদ শনাক্তকরণের প্রশিক্ষণ, বনে দুই ঘণ্টা সংগ্রহ অভিযান এবং সংগৃহীত খাবার দিয়ে তৈরি বিশেষ আহার। প্রতিষ্ঠানটির আয়োজকদের অবাক করেছে তরুণ প্রজন্মের অংশগ্রহণ। এমনকি উচ্চবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের অর্থ খরচ করে এসব অভিজ্ঞতা নিতে আসছেন। কেনজি সেকিয়ার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের সময়ে তরুণেরা হয়তো বাস্তব প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছেন। তাঁরা শুধু বনভ্রমণ নয়, জীবনের অর্থ ও নিজেদের অবস্থান সম্পর্কেও ভাবছেন। কনরানের অভিজ্ঞতাও একই রকম। তাঁর মতে, নগরজীবন মানুষকে প্রকৃতি থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সানসাই সংগ্রহের মতো অভিজ্ঞতা মানুষকে আবার প্রকৃতির কাছাকাছি নিয়ে আসছে। সাংবাদিক হিসেবে মানুষের জীবনের কঠিন সময়গুলো নথিবদ্ধ করতেন তিনি। কিন্তু জাপানের প্রকৃতি ও ঋতুচক্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হওয়ার পর নিজের জীবনেও খুঁজে পেয়েছেন প্রশান্তি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।