নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বড় ভাই চা-বিক্রেতা দিদারুল ইসলাম দিদারকে (২৯) ধরে নিয়ে গেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের নওহাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দিদারুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন স্থানীয়রা। তিনি পৌরশহরের টেংগাপাড়া এলাকায় স্লুইসগেটের পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি নওহাল এলাকার খুরশিদ মিয়ার ছেলে। তাঁর ছোট ভাই দিনার মিয়ার (১৭) বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, দিদারুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী। তাঁর দাবি, দিদারুল আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় এ ধরনের ঘটনা বা কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি নতুন কিছু নয়। তাঁর ছোট ভাই দিনারও ছাত্রলীগের প্রতিটি মিছিলে উপস্থিত থাকতেন এবং নেতৃত্ব দিতেন। তাঁরা একই রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিষয়টি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোমেন হোসেনের নেতৃত্বে একটি মশালমিছিলের ভিডিও গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ কর্মী দিনার মিয়াকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তবে তাঁকে বাড়িতে না পেয়ে বড় ভাই দিদারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা জানিয়েছেন নওহাল গ্রামের বাসিন্দা শেখ নওসের আলী শাহীন ও আতিক হাসান জয়। তাঁদের দাবি, দিদারুল একজন সহজ-সরল মানুষ। চায়ের দোকান চালিয়ে তিনি সংসার চালান। ছোট ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বড় ভাইকে গ্রেপ্তার করা অন্যায়। ছোট ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের কারণে বড় ভাইকে গ্রেপ্তার করা জুলুম।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।