প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির প্রান্তে দুটি নক্ষত্র একীভূত হয়ে একটি নক্ষত্রে পরিণত হওয়ার বিরল ঘটনা পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। একটি ছোট নক্ষত্র অনেক বড় একটি দানবীয় নক্ষত্রের ভেতরে ঢুকে পড়ায় ‘বাও’ নামের নতুন এই নক্ষত্রের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপসহ কয়েকটি টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই মিলনের প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। নক্ষত্রের এমন মিলন আগে থেকে অনুমান করা কঠিন হওয়ায় তা সরাসরি পর্যবেক্ষণ করা বেশ দুরূহ বলে জানিয়েছেন গবেষণার প্রধান লেখক বিরাজ করমবেলকর। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের নেতৃত্বে পরিচালিত গবেষণাটি বুধবার বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাসার নিওওয়াইজ (NEOWISE) মিশনের তথ্য পরীক্ষা করার সময় তারা প্রথম নক্ষত্রজোড়াটির অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। এরপর নিয়মিত পর্যবেক্ষণের একপর্যায়ে ২০২৫ সালের ১৭ অক্টোবর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ধরা পড়ে। পরে ওই বছরের ২৪ ডিসেম্বর জেমস ওয়েব টেলিস্কোপ নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করে। একীভূত হওয়ার আগে নক্ষত্র দুটি হাজার হাজার বছর ধরে একে অপরকে প্রদক্ষিণ করছিল। গবেষকদের তথ্যমতে, বড় নক্ষত্রটি (বিগ বাও) ছিল সূর্যের চেয়ে প্রায় সাত গুণ বেশি ভরের এবং প্রায় ১৮ হাজার গুণ বেশি উজ্জ্বল। এর ব্যাসার্ধ ছিল সূর্যের ৩৫০ গুণ। অন্যদিকে ছোট নক্ষত্রটির (লিটল বাও) ভর ছিল সূর্যের প্রায় শূন্য দশমিক সাত গুণ। ছোট নক্ষত্রটি বড়টির বাইরের স্তরের সংস্পর্শে আসার পর মাত্র সাতবার প্রদক্ষিণ করে (প্রায় সাত বছরে) দুটো এক হয়ে যায়। গবেষণার সহলেখক ও বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদিয়া ব্লাগোরোদনোভা জানান, এমন বড় নক্ষত্রের বিস্ফোরণ ঘটতে কয়েক বছর সময় লাগবে বলে তারা ধারণা করেছিলেন। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই এর উজ্জ্বলতা হঠাৎ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কিশলয় দে ব্যাখ্যা করেন, প্রদক্ষিণের সময় ছোট নক্ষত্রটি বড়টির বাইরের স্তরের গ্যাস মহাকাশে ছড়িয়ে দেয় এবং একপর্যায়ে বড় নক্ষত্রটির কেন্দ্রে টেনে নেওয়া হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।