কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা

নতুন বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে এবার আলোচনার কেন্দ্রে সিনেমার নায়িকা। কে হতে যাচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? এ নিয়ে হলিউডে চলছে নানা গুঞ্জন। গত ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করে। এরপর থেকেই তার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয় আলোচনা। সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিনেত্রী জেন্ডায়া। এর আগে রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা থাকায় তাকে নিয়ে দর্শকদের আগ্রহও বেশি। তবে শুধু জেন্ডায়া নন, সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে আলোচনায় রয়েছেন সিডনি সুইনি, জোডি কোমার, আনিয়া টেলর-জয়, ফ্লোরেন্স পিউ ও জেমা চ্যান। এমনকি প্যাটিনসনের ব্যক্তিগত জীবনের সঙ্গী অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের নামও ঘুরেফিরে আসছে আলোচনায়। যদিও এসব নামের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি নির্মাতা প্রতিষ্ঠান। কেমন হবে নতুন বন্ড গার্ল? শুধু কে অভিনয় করবেন, তা নিয়েই নয়, নতুন সিনেমায় ‘বন্ড গার্ল’ চরিত্রের উপস্থাপন কেমন হবে, তা নিয়েও চলছে আলোচনা। চলচ্চিত্র সমালোচকদের মতে, আগের সিনেমাগুলোর মতো নারী চরিত্রকে কেবল জেমস বন্ডের প্রেমিকা কিংবা সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানোর দিন শেষ। নতুন প্রজন্মের দর্শকদের কথা বিবেচনায় রেখে নারী চরিত্রে থাকতে পারে স্বতন্ত্র পরিচয়, নিজস্ব লক্ষ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি হতে পারেন দক্ষ গোয়েন্দা, বন্ডের বিশ্বস্ত সহযোগী কিংবা বুদ্ধি ও কৌশলে তাকে টেক্কা দিতে সক্ষম শক্তিশালী প্রতিপক্ষ। নতুন বন্ড গার্ল শুধু নায়িকার ভূমিকায় সীমাবদ্ধ না থেকে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারেন। সূত্র : বিবিসি

কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা