ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে চলছে বিজিবির কড়া পাহারা

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন ডিসেম্বরকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, অস্ত্র-মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের সীমান্ত পারাপার রোধেও বহুগুণ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, আখাউড়া, বিজয়নগর ও কসবা সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বসানো হয়েছে বিশেষ তল্লাশি চৌকি। রাতের আঁধার ভেদ করে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে প্রথাগত টহলের পাশাপাশি যুক্ত হয়েছে থার্মাল ড্রোন, নাইটভিশন বাইনোকুলার, শক্তিশালী সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা। সম্প্রতি অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে প্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটকের ঘটনার পর সীমান্তের নিরাপত্তা বলয় আরও কঠোর করা হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজিবি। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত অভিযানে ৪টি বিদেশি পিস্তল ও ৮টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। যেকোনো অপতৎপরতা রুখতে গোয়েন্দা বাহিনী সর্বোচ্চ সজাগ রয়েছে। নিরাপত্তা নজরদারির পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য মিলেছে। গত ২০ নভেম্বর রাতে বিজয়নগরের কামালমোড়া সীমান্ত থেকে প্রায় ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে ২৫ বিজিবি। এর আগে ১৮ ও ১৯ নভেম্বর কসবা সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে মাদকসহ প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ও চোরাকারবারি আটক হয়। এছাড়া চলতি মাসেই ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা ও ১০১ বোতল ইস্কফসহ বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে চলছে বিজিবির কড়া পাহারা