নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা এমপি শ্যামলের

দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিশৃঙ্খলা বিনষ্ট এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এসব নাশকতাকারীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান। এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাসিরনগর কলেজ মোড়ে জড়ো হন। পরে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এম এ হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী। কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা এমপি শ্যামলের