যে কারণে একসঙ্গে খাওয়ার সুযোগ খোঁজে মানুষ
মনুষ্যজাতির মধ্যে ছোট ছোট দলে একসঙ্গে বসে খাবার খাওয়ার অভ্যাস হাজার বছরের পুরোনো। বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যাওয়া, পরিবারের সদস্য বা প্রিয়জনদের নিয়ে রাতের খাবার বা ছুটির দিনে একসঙ্গে খাওয়ার চেষ্টা প্রায় সবাই ই করেন। কিন্তু একসঙ্গে খাওয়ার এই অভ্যাস কি কেবল ক্ষুধা মেটানোর জন্য, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও গভীর সামাজিক সম্পর্ক?
একসঙ্গে খাওয়ার প্রবণতা মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। প্রায় সব সমাজেই এর প্রচলন রয়েছে। অথচ বিষয়টি এতটাই স্বাভাবিক যে সাধারণত এ নিয়ে আলাদা করে ভাবা হয় না। তবে প্রায়ই সংবাদমাধ্যমে উঠে আসছে পরিবারের সদস্যদের একসঙ্গে রাতের খাবার খাওয়ার প্রবণতা কমে আসার কথা। যা বাড়াচ্ছে উদ্বেগ।
জীববিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, খাবার ভাগাভাগি করে খাওয়ার অভ্যাস মানুষের উদ্ভবেরও আগের হতে পারে। মানুষের নিকটতম প্রাইমেট আত্মীয় শিম্পাঞ্জি ও বনোবোরাও নিজেদের সামাজিক দলের সদস্যদের সঙ্গে খাবার ভাগ করে নেয়। তবে কাউকে খাবার দিয়ে দেওয়া আর তার সঙ্গে বসে একবেলা খাওয়া এক বিষয় নয় বলে মনে করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী নিকলাস নিউম্যান।
তিনি বলেন, ‘অন্যদের সঙ্গে বসে না খেয়েও খাবার ভাগ করে দেওয়া যায়। মানুষ এই কাজের সঙ্গে বেশ কিছু জটিল সামাজিক বিষয় যুক্ত করেছে।’
ধারণা করা হয়, মানুষের প্রথম সম্মিলিত খাবার খাওয়ার ঘটনা ঘটেছিল ক্যাম্পফায়ার বা আগুনের কুণ্ডলীর পাশে। মানুষ কিংবা মানুষের পূর্বপুরুষেরা ঠিক কখন রান্না করতে শিখেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে বিভিন্ন অনুমান রয়েছে। সবচেয়ে পুরোনো যে সময়ের কথা বলা হয়, তা প্রায় ১৮ লাখ বছর আগের।
তবে শিকার বা খাবার সংগ্রহ, আগুন জ্বালানো এবং সেই আগুনে খাবার রান্না করার মতো কাজগুলো বিবেচনা করলে ধারণা করা যায়, এ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সহায়তার জন্য মানুষের সঙ্গে একটি সামাজিক গোষ্ঠী ছিল। অর্থাৎ খাবার তৈরি ও খাওয়ার অভিজ্ঞতার সঙ্গে দলবদ্ধ জীবনযাপনের সম্পর্ক বেশ পুরোনো।
অন্য কারও সঙ্গে একই সময়ে একই খাবার খেলে তাঁকে বেশি বিশ্বাসযোগ্য মনে হতে পারে। এ বিষয়ে অনুসন্ধান করেছিলেন সাংবাদিক সিনথিয়া গ্রেবার ও নিকোলা টুইলি। তাঁদের ‘গ্যাস্ট্রোপড’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এ জন্য তাঁরা শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অব বিজনেসের অধ্যাপক আয়েলেত ফিশবাখের সাক্ষাৎকার নেন।
ফিশবাখের গবেষণায় দেখা গেছে, বিনিয়োগের একটি কাল্পনিক পরিস্থিতিতে অংশগ্রহণকারীরা আগে যাঁর সঙ্গে একই ধরনের ক্যান্ডি খেয়েছিলেন, তাঁকে তুলনামূলক বেশি অর্থ দিতে আগ্রহী ছিলেন। একইভাবে, যাঁরা একই ধরনের হালকা খাবার খেয়েছিলেন, তাঁরা যাঁরা তা খাননি, তাঁদের তুলনায় দ্রুত সমঝোতায় পৌঁছাতে পেরেছিলেন।
ফিশবাখের ধারণা, এর পেছনে অতীতের কোনো অভ্যাসের প্রভাব থাকতে পারে। একসময় খাবারের স্বাদে মিল থাকাকে একই ধরনের মূল্যবোধের অধিকারী হওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হতো। সেই ধারণার প্রভাব এখনো মানুষের আচরণে রয়ে যেতে পারে।
একসঙ্গে খাওয়া যে সব সময় সহজ বা ইতিবাচক অভিজ্ঞতা, তা নয়। বড় পরিসরে খাবারের আয়োজন বা ভোজের মধ্য দিয়ে অনেক সময় আনুগত্য ও নিয়ন্ত্রণের বিষয়টিও প্রকাশ পায়। যেমন, বাসায় বাবা বা পরিবারের কর্তার সময় মতো সবাই মিলে খেতে বসা। ফসল কাটার মৌসুমে জমির মালিক শ্রমিকদের জন্য বড় খাবারের আয়োজন করা। আবার কোনো প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান বা অফিস পার্টি।
পরিবারের সদস্যদের নিয়মিত একসঙ্গে খাবার খাওয়ার বিষয়টিও যতটা প্রশংসিত, বাস্তবে সেখানে দ্বন্দ্ব বা অস্বস্তি থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নিকলাস নিউম্যান বলেন, ‘মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবে, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে খেতে ভালো লাগে। কিন্তু প্রিয়জনদের সঙ্গে খাওয়ার অভিজ্ঞতা ভয়ংকরও হতে পারে। এটি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জায়গাও হতে পারে।’
যে খাবারের টেবিলে কেউ নিয়মিত আপনার খাবার বেছে নেওয়ার সিদ্ধান্ত কিংবা ওজন নিয়ে সমালোচনা করেন, সেই পরিবেশ নিশ্চয়ই মানসিক স্বস্তির জন্য সহায়ক নয়। অর্থাৎ একসঙ্গে খাওয়ার অভিজ্ঞতা কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে সঙ্গী ও পরিবেশের ওপর।
একসঙ্গে খাওয়ার সামাজিক গুরুত্ব থাকলেও একা খাওয়ার অভিজ্ঞতা সবার কাছে সমান অস্বস্তিকর নয়। বিষয়টি নিয়ে নিউম্যানের চলমান একটি গবেষণায় সুইডেনের বয়স্ক ব্যক্তিদের একসঙ্গে খাওয়ার বিষয়ে মনোভাব বিশ্লেষণ করা হচ্ছে।
গবেষণায় এমন কিছু তথ্য পাওয়া গেছে, যা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। নিউম্যান বলেন, ‘আমরা তাঁদের সরাসরি জিজ্ঞাসা করি, একা খেতে তাঁদের খারাপ লাগে কি না। তাঁদের বেশির ভাগই বলেন, না।’
গবেষণায় যাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই অন্যদের সঙ্গে খেতে পছন্দ করেন। তবে একা খাওয়ার অভাব তাঁদের মধ্যে প্রত্যাশার তুলনায় তেমন তীব্রভাবে অনুভূত হয় না। এর পেছনে একাকিত্বের ভূমিকা থাকতে পারে বলে মনে করেন নিউম্যান। তাঁর মতে, কেউ আগে থেকেই একাকিত্বে ভুগলে একা বসে খাওয়ার অভিজ্ঞতা তাঁর অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে।
তবে একা খাওয়াকে সব সময় নেতিবাচকভাবে দেখারও প্রয়োজন নেই। নিউম্যানের ভাষায়, ‘আপনি যদি এমন একজন মানুষ হন, যিনি প্রায়ই অন্যদের সঙ্গে বসে খান, তাহলে মাঝেমধ্যে একা বসে বই পড়তে পড়তে খাওয়াও নিশ্চয়ই ভালো লাগবে।’