ফেনীর সোনাগাজীতে থেমে থেমে বৃষ্টিতে আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে সরিষাসহ বিভিন্ন রবিশস্যের বপনও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিকেরা। ব্যাহত হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মও। বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে বাইরে বের হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পানি জমে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের কৃষক আবু সাঈদ রুবেল বলেন, অনেক জমির রোপা আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। বেশির ভাগ জমিতে ধান কাটার প্রস্তুতি চলছে। আগাম ধান লাগানো কিছু জমির ধান কৃষকেরা কেটে মাঠে রেখেছেন। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাঁদের। উপজেলার পৌর এলাকার চরগনেশ গ্রামের কৃষক মো. আবদুল্যাহ বলেন, ‘১২০ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এখন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু বৃষ্টির কারণে ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে আবহাওয়ার কিছুটা অবনতি হলেও আজ শনিবার থেকে পরিস্থিতি অনেকটা ভালো হবে। তবে অনেক কৃষকের ধান সংগ্রহে বিঘ্ন ঘটছে বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।