মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুর সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক ভ্যানচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা-পাতা কিনতে গিয়ে ফেরার পথে তাকে ধর্ষণ করেন ফিরোজ শেখ। এ ঘটনায় ওই নারীর বাবা ২০২৪ সালের ২৭ এপ্রিল ফিরোজ শেখকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। আরও পড়ুনআরও পড়ুনরাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, দিনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হিরামন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ অক্টোবর তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন