নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি। রবিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ককটেলগুলো উদ্ধারের পর সকালে নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নলডাঙ্গার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খোলাবাড়িয়া সড়কের পশ্চিম পাশে অবস্থিত ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি সন্দেহজনক মনে হলে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। পরে ভোর ৩টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। নলডাঙ্গা থানার ওসি বলেন, জিডি ভিত্তিতে ককটেলগুলো এসআরবির পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় সেগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।