আগুনে পুড়তে থাকা ঘরে দুই শিশুকে বাঁচানো চীনা কিশোরী হতে চায় সেনা

চীনে আগুনে পুড়তে থাকা একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছে ১৪ বছর বয়সী এক কিশোরী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে চার বছর বয়সী এক মেয়ে ও তার দুই বছর বয়সী ভাইকে বাঁচায় লং শি নামের ওই কিশোরী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। গত ২৪ জুন হুনান প্রদেশের ফেংহুয়াং কাউন্টিতে এ ঘটনা ঘটে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বরের কারণে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল লং। পথে একটি বাড়ি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে প্রথমে তেমন গুরুত্ব দেয়নি সে। তবে ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনে বিপদের বিষয়টি বুঝতে পারে। দ্রুত বাড়ির ভেতরে ঢুকে লং দেখতে পায়, আগুন বিছানা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং পাশে থাকা কাপড়েও আগুন লেগেছে। চার বছর বয়সী মেয়েটি বিছানার পাশে দাঁড়িয়ে ছিল। আর তার দুই বছর বয়সী ভাই বিছানায় বসে কাঁদছিল। এক মুহূর্ত দেরি না করে দুই বছরের শিশুটিকে কোলে তুলে নেয় লং। অন্য শিশুটির হাত ধরে দ্রুত তাদের বাড়ির বাইরে নিয়ে আসে। লং জানায়, আগুন প্রায় বিছানায় পৌঁছে গিয়েছিল এবং সেখানে থাকা কাপড় পুড়ছিল। সে সময় নিজের নিরাপত্তার কথা না ভেবে শুধু শিশু দুটিকে নিরাপদে বের করে আনার কথা ভেবেছিল। শিশুদের উদ্ধারের পর মাকে বার্তা পাঠিয়ে লং লেখে, মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি। ঘটনার একটি ভিডিওও মাকে পাঠায় সে। ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন লংয়ের মা। তিনি বলেন, ভিডিওটি দেখার সময় তার শরীর কাঁপছিল। আগুনের আকার দেখে তিনি ভয় পেয়েছিলেন। আগুন লাগার সময় শিশু দুটির বাবা উ শিয়ানজিন কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে সন্তানদের নিরাপদে দেখে স্বস্তি পান তিনি। পরে শিশু দুটির পরিবার লংকে ধন্যবাদ জানিয়ে একটি লাল ব্যানার উপহার দেয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, লংয়ের সাহসিকতার স্বীকৃতি দিতে তার পরিবার স্থানীয় কর্তৃপক্ষের কাছে গুড সামারিটান অ্যাওয়ার্ড-এর আবেদন করেছে। নভেম্বরে ফেংহুয়াং কাউন্টির ফায়ারফাইটিং অ্যান্ড রেসকিউ ব্যুরোও তাকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সনদ দিয়েছে। বড় হয়ে সেনাসদস্য হওয়ার স্বপ্ন দেখে লং। জরুরি পরিস্থিতিতে সেনাদের মানুষকে সহায়তা করতে দেখে এ পেশার প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে। শিশু দুটিকে উদ্ধারের ঘটনায় চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা পাচ্ছে সে। তবে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আগুন লাগা ভবনে শিশুদের প্রবেশ করা বা নিজেরা উদ্ধারকাজ চালানো উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে গিয়ে জরুরি সেবায় যোগাযোগ এবং প্রাপ্তবয়স্কদের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

আগুনে পুড়তে থাকা ঘরে দুই শিশুকে বাঁচানো চীনা কিশোরী হতে চায় সেনা