বিশ্বের অন্যতম দরিদ্র ও বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া। দেশটির অধিকাংশ মানুষেরই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। অথচ সাইবার হামলা ও ক্রিপ্টোকারেন্সি চুরিতে দেশটি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রীয় হ্যাকার বাহিনী গড়ে তুলেছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বিন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, গত মাসে সংঘটিত এ চুরি দেশটির ইতিহাসে সবচেয়ে বড়। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার কথিত ক্রিপ্টো চুরির মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারে। তবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগাতে এসব সাইবার চুরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির হ্যাকার বাহিনী গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছিল কয়েক দশক আগে। ১৯৮০-এর দশকে তৎকালীন নেতা কিম ইল সুং মেধাবী শিক্ষার্থীদের জন্য পিয়ংইয়ংয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত শিক্ষার বিশেষ প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখান থেকে বাছাই করা শিক্ষার্থীদের সামরিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো। মেধাবীদের উন্নত প্রোগ্রামিং ও হ্যাকিং শেখাতে চীন ও রাশিয়ায়ও পাঠানো হতো। প্রশিক্ষণ শেষে সেরা শিক্ষার্থীদের সামরিক বাহিনীর ‘ইউনিট ১২১’-এ নিয়োগ দেওয়া হয়। এ ইউনিট বিদেশি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা পরিচালনা করে। ২০১৪ সালে হলিউডের সনি পিকচার্সে হামলার মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘লাজারাস’। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গেও এ গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রায় ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সক্ষম হয় হ্যাকাররা। বর্তমানে ফিশিং ই-মেইল, ভুয়া চাকরির সাক্ষাৎকার, পরিচয় জালিয়াতি ও ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে হামলা চালাচ্ছে তারা। বিন্যান্সের অভিযোগ, প্রতিষ্ঠানের এক কর্মীকে ভুয়া চাকরির সাক্ষাৎকারের ফাঁদে ফেলে এবং আরেক কর্মীর মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে হ্যাকাররা ডিজিটাল ওয়ালেটে ঢোকে। মাত্র ২০ মিনিটে চুরি হয় বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি। চুরি করা অর্থের উৎস গোপন করতে বিভিন্ন ব্লকচেইনে লেনদেন, ক্রিপ্টো মিক্সার এবং বিটকয়েন ব্যবহারের মাধ্যমে অর্থ পাচার করে হ্যাকাররা। পরে তা চীনা অবৈধ দালালদের কাছে বিক্রি করে নগদ অর্থ বা ব্যাংক জমায় রূপান্তর করা হয়। জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় অর্ধেক আসে সাইবার কার্যক্রম থেকে। দেশটির গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচির ৪০ শতাংশ অর্থায়নও অবৈধ সাইবার কর্মকাণ্ডের মাধ্যমে হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সদস্যরাষ্ট্র। বিশেষজ্ঞদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়ার সাইবার হামলা আরও জটিল ও ব্যাপক হতে পারে। সম্প্রতি এফবিআই জানিয়েছে, ভুয়া পরিচয় ও ডিপফেক ভিডিও বৈঠক ব্যবহার করে গত ১৮ মাসে বিশ্বজুড়ে ৪০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে দেশটির হ্যাকাররা। সূত্র: সিএনএন
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।